বাংলা সাইনবোর্ড এবার কলকাতায় বাধ্যতামূলক! ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা, বিজ্ঞপ্তি জারি পুরসভার

কলকাতা- কলকাতায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। কেউ চিকিৎসার জন্য আসেন বা নানা প্রতিষ্ঠানে কাজ করেন। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলির অনেকেরই নামফলক এখনও বাংলায় লেখা হয়নি।

দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে অসন্তোষ ছিল। পুরসভার তরফে বারবার অনুরোধ করা হলেও কাজের কাজ হয়নি। অবশেষে এবার কড়া নির্দেশ জারি করল কলকাতা পুরসভা।

শনিবার পুরসভার তরফে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে জানানো হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে হবে।

শুধু লিখলেই হবে না, এমনভাবে লাগাতে হবে যাতে দূর থেকেও স্পষ্ট দেখা যায়। দোকান, অফিস, শপিং মল, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টার সবকিছুকেই এই নিয়ম মানতে হবে।

পুরসভার সচিবের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কলকাতার অধিকাংশ মানুষ বাংলাতেই কথা বলেন, লেখেন এবং পড়েন। তাই বাংলায় নামফলক বাধ্যতামূলক করা হচ্ছে জনস্বার্থেই।

পুরসভা আরও জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দেশ মানা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুরসভা সরাসরি সেই সাইনবোর্ড খুলে ফেলতে পারে।

পুরসভা সূত্রে জানা যাচ্ছে, শহরে বর্তমানে অন্তত ৪৫ হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্সের আওতায় রয়েছে। তাঁদের সবাইকে চিঠি পাঠানো হয়েছে। অন্য ভাষা ব্যবহার করা গেলেও, বাংলা নামফলক বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *