কলকাতা- রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। বিপুল সম্পত্তি, তদন্তে অসহযোগিতা ইস্যুতে কারামন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিন খারিজ করার আবেদন জানিয়েছিল ইডি।
শনিবার তাঁর শুনানি হয়। বিচারক জানিয়েছেন, আগামী মঙ্গলবার এই বিষয়ে রায় ঘোষণা করবে আদালত।
এদিন আদালতে ইডির (ED) আইনজীবীর তরফে দাবি করা হয়, ১৫৯ জন প্রার্থীর কাছে থেকে প্রায় ৮ লক্ষ টাকা নিয়েছিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এর পর ইডির আইনজীবীর উদ্দেশে বিচারক বলেন, ‘চার্জশিট দাখিল করার অনেক আগেই তো অনেক তথ্য পেয়েছিলেন। তাহলে বয়ান নথিবদ্ধ করার ১১ মাস পরে কেন চার্জশিট দিলেন? এতদিন অপেক্ষা করলেন কেন?’
ইডির আইনজীবী জানান, ‘তল্লাশি এবং বয়ান নথিবদ্ধ করার মাঝে পঞ্চম চার্জশিট জমা পড়েছে। সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছিল বলেই আধিকারিকেরা সেই দিকে ব্যস্ত হয়ে পড়েন।
উল্লেখ্য, চলতি বছর ৬ সেপ্টেম্বর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিলেন ইডি। কিন্তু কিছু শর্ত আরোপ করে চন্দ্রনাথের জামিন মঞ্জুর করে আদালত।
