কলকাতা- রেলের গ্রুপ-ডি পদে স্থায়ী চাকরির প্রতিশ্রুতি! এক যুবক প্রতারণার শিকার। অভিযোগ, যুবককে বেশ কয়েকদিন কলকাতা স্টেশনে নকল ট্রেনিং করানো হয়। শেষে সামনে আসে আসে আসল সত্যি। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নারায়ণপুর থানার পুলিশ। তাঁদের কাছে ৪ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার হয়েছে।
নারায়ণপুর থানার ছোট গাঁতি এলাকায় বসবাসকারী এক যুবকের সঙ্গে ঘটনাটি ঘটেছে। ২৮ মে যুবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বারাসতের একটি শপিংমলে এক যুবকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। সেই যুবক রেলের গ্রুপ-ডি পদে চাকরির ‘অফার’ দেন এবং চাকরির জন্য ৭ লক্ষ টাকা দাবি করেন।
সরকারি চাকরির লোভ সামলাতে না পেরে যুবক কয়েক দফায় মোট ৪ লক্ষ ৭৩ হাজার টাকা প্রদান করেন। টাকা দেওয়ার পর যুবককে একটি নিয়োগপত্র দেওয়া হয়। যুবক তা সত্যি মনে করলেও পরে তিনি বুঝতে পারেন এটি ভুয়ো।
নিয়োগপত্রে বলা হয়েছিল, যুবককে কলকাতা স্টেশনে প্রশিক্ষণ নিতে হবে। এরপর তাঁকে স্টেশন সংলগ্ন একটি আবাসনে ১২ দিনের ট্রেনিং করানো হয়। ট্রেনিং শেষের পর তাকে শিয়ালদা স্টেশনে যোগদান করার কথা ছিল। কিন্তু যুবকের সঙ্গে এরপর আর কোনও যোগাযোগ করা হয়নি। ফোনও ধরেনি কেউ।
ধীরে ধীরে যুবক বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। ঘটনার তদন্তে নারায়ণপুর থানার পুলিশ পরপর তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ৪ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ সেই টাকা যুবকের হাতে ফিরিয়ে দেয়। যুবক হাতে টাকা ফিরে পেয়ে পুলিশকে কুর্নিশ জানিয়েছেন।
