এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পাইলটদের দোষ! এমন মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’! জানাল সুপ্রিম কোর্ট

কলকাতা- এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় দোষ রয়েছে পাইলটদের! দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশের পর এভাবেই পাইলটদের ত্রুটির দিকে ইঙ্গিত করা হচ্ছিল। তবে এভাবে পাইলটদের দোষারোপ করাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

আদালতের তত্ত্বাবধানে এই দুর্ঘটনার তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সোমবার সেই মামলার শুনানিতেই এই মন্তব্য শীর্ষ আদালতের। সেই সঙ্গে কেন্দ্র এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে নোটিশ পাঠিয়ে মতামতও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

শুনানি চলাকালীন বিচারপতি সূর্য কান্ত এবং এনকে সিংয়ের বেঞ্চ বলে, ‘আগামীকাল যদি কেউ দায়িত্বজ্ঞানহীনভাবে বলেন যে পাইলট এ বা বি দোষী ছিলেন, তাহলে তাঁদের পরিবারের উপরই এর প্রভাব পড়বে। কিন্তু পরবর্তীতে চূড়ান্ত তদন্ত রিপোর্টে যদি কারোর দোষ না পাওয়া যায়, তবে কী হবে?’ আরও বলা হয়, ‘দুর্ভাগ্যবশত, যখন এই ধরনের দুর্ঘটনা ঘটে, তখন প্রতিপক্ষ বিমান সংস্থাগুলি সুবিধা পায়।’

এই বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশের পর তা কেন্দ্রের কাছে হস্তান্তরের আগেই এক মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, এই দুর্ঘটনার জন্য দায়ী পাইলটেরাই। ইচ্ছে করে তাঁরা ইঞ্জিনের জ্বালানির সুইচ বন্ধ করে থাকতে পারেন বলে দাবি করা হচ্ছিল।

উল্লেখ্য, গত ১২ জুন আমেদাবাদ বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনার এক মাসের মাথাতেই প্রাথমিক রিপোর্ট প্রকাশ করে ‘এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি। সেই রিপোর্টে বলা হয়েছিল, উড়ানের পরই জ্বালানির সুইচ ‘রান’ (চালু) থেকে ‘কাটঅফ’ (বন্ধ) অবস্থায় চলে যায়। ফলে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। যার জেরেই ঘটে দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *