সোনম ওয়াংচুক গ্রেফতার! লাদাখে হিংসার ঘটনার জেরে বিপাকে জনপ্রিয় পরিবেশকর্মী

কলকাতা- লাদাখে হিংসার ঘটনার ২ দিনের মাথায় গ্রেপ্তার করা হল পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে। ১০ সেপ্টেম্বর থেকে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তপশিলের সম্প্রসারণের দাবিতে অনশন শুরু করেছিলেন সোনম।

তাঁর অনশন বেশ কিছুদিন চলার পরই অশান্ত হয়ে ওঠে লাদাখের পরিস্থিতি। পুলিশ ও সিআরপিএফের সঙ্গে সংঘর্ষ ঘটে আন্দোলনকারীদের।

যদিও তখনই অনশন প্রত্যাহার করে শান্তি রক্ষার বার্তা দেন সোনম। কেন্দ্রীয় সরকারের দাবি, লাদাখে উত্তেজনা তৈরির পেছনে বিদেশি শক্তির মদত রয়েছে।

তরুণ প্রজন্মের আন্দোলনের পেছনেও সেই শক্তির মদত স্পষ্ট। গ্রেপ্তারের পর সোনমকে জেলে নেওয়া হবে না অন্য কোথাও তা এখনও স্পষ্ট নয়।

গত বুধবার থেকে লাদাখে হিংসা ছড়ায়। যার জেরে ৪ জন আন্দোলনকারীর মৃত্যু হয়। জখম হন অন্তত ৫০ জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, সোনম ওয়াংচুকের উসকানিমূলক বক্তব্যই এই পরিস্থিতির জন্য দায়ী।

ঘটনার একদিন পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোনম ওয়াংচুকের এনজিও ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’-এর বিদেশ থেকে তহবিল সংগ্রহের জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন বাতিল করে দেয়। ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট বা FCRA-২০১০ এর অধীনে এই রেজিস্ট্রেশন দেওয়া হয়। অনুমোদন বাতিল করার একদিন পরই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৮ সালে র‍্যামন পরিবেশকর্মী হিসেবে ম্যাগসাইসাই পুরস্কার জিতেছিলেন সোনম ওয়াংচুক। লাদাখকে কেন্দ্র করে পৃথক রাজ্য গঠন ও এই অঞ্চলকে ষষ্ঠ তপশিলের বিশেষ সুবিধের আওতায় নিয়ে আসার দাবিতে আন্দোলন করে আসছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *