কলকাতা- রনজির প্রথম ম্যাচে জয় বাংলার। তৃতীয় দিনের শেষে মনে হয়েছিল ম্যাচটা ড্রয়ের দিকে যাচ্ছে। সেই ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরণের দল। নায়ক মহম্মদ শামি।
দ্বিতীয় ইনিংসে উত্তরাখণ্ড শেষ হল ২৬৫ রানে। ১৫৬ রান তাড়া করতে নেমে সহজেই লক্ষ্যপূরণ করল বাংলা।
২ উইকেটে ১৬৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে উত্তরাখণ্ড। ৫৫ রানে এগিয়ে ছিল তারা। ২০৩ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন কুণাল চান্ডেলা।
শনিবার মাত্র ৪ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৭২ রানে তাঁকে এলবিডব্লিউ করলেন শামি। একটা সময় ১৮৯ রানে ৬ উইকেট খুইয়ে বিপাকে পড়ে গিয়েছিল উত্তরাখণ্ড। সেখান থেকে যুবরাজ চৌধুরী এবং অভয় নেগি রুখে দাঁড়ানোর চেষ্টা করেন। তাঁদের জুটিতে ওঠে ৬৪ রান।
তখনই পরিত্রাতার ভূমিকায় শামি। ফেরান নেগিকে। এরপর উত্তরাখণ্ডের ইনিংস শেষ হতে বেশি সময় লাগেনি। বাংলার হয়ে শামি নিলেন ৩৮ রানে ৪ উইকেট। আকাশ দীপ এবং ঈশান পোড়েলের শিকার ২ উইকেট। বাকি দু’টি উইকেট সুরজ সিন্ধু জয়সওয়াল এবং সুনীল ভাটির।
