কলকাতা- প্রতিবারই দিওয়ালিতে নতুন নতুন বাজি আসে বাজারে। সেটাই হয়ে যায় ট্রেন্ড। সেই বাজির চাহিদাও তুঙ্গে থাকে।
এ বার বাজারে হিট ‘কার্বাইড গান’ বা ‘দেশি ফায়ারক্র্যাকার গান’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তা। বিশাল একখানা পাইপের মতো। তার মধ্যে ফল পাকানোর কার্বাইডের টুকরো ফেলে ঢেলে দেওয়া হয় জল। তার পরেই কেমিক্যাল রিঅ্যাকশন।
বিকট শব্দ আর পাইপের মুখ দিয়ে বেরিয়ে আসে আগুনের গোলা। সেই ‘কার্বাইড গান’ নিয়ে উন্মাদনায় মধ্যপ্রদেশে মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। তিন দিনে কম করে ১২২ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
চোখে নানা রকম সমস্যা নিয়ে ভর্তি হয়েছে তারা। এর মধ্যে ১৪ জন দৃষ্টিশক্তি হারিয়েছে। ভোপাল, ইন্দোর, জবলপুর, গোয়ালিওরের একাধিক হাসপাতালের চক্ষু বিভাগে শয্যা খালি নেই। অল্প বয়সি ছেলেমেয়েরা ভর্তি। ভোপালের হামিদিয়াতেই গত ৭২ ঘণ্টায় ২৬ জন শিশু ভর্তি হয়েছে।
