কলকাতা- রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! প্রশ্নের মুখে রাজ্য সরকার। শনিবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হল নবান্নে।
ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সরকারি হাসপাতালের সুপার, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলাশাসক, পুলিশ সুপার উপস্থিত ছিলেন এই বৈঠকে।
একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। হাসপাতাল কর্মীদের প্রশিক্ষণ, নির্দিষ্ট পোশাক, ডিউটি রস্টার নিয়োগের আগে তাঁদের অতীতের রেকর্ডও খুঁটিয়ে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানতে চান এসএসকেএম হাসপাতালে কিশোরীর সঙ্গে এমন ঘটনা কি করে ঘটল? পুরুষ শৌচাগারে নাবালিকাকে কী করে নিয়ে যাওয়া হল? কেন সিসিটিভিতে গোটা বিষয়টি ধরা পড়ল না? কেন চুক্তিভিত্তিক কর্মীদের পুরনো অপরাধের দায় সরকারকে নিতে হবে?
মুখ্যমন্ত্রী রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে বেশ কিছু বিষয়ের ওপর জোর দেওয়ার কথা বলেন। যেগুলি মধ্যে রয়েছে,
১) হাসপাতালে কর্মী নিয়োগের আগে তাঁর অতীতের ট্র্যাক রেকর্ড খতিয়ে দেখতে হবে।
২) কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম বা পোশাক নজরে রাখতে হবে। পাশাপাশি নজরে থাকবে ডিউটি রস্টার।
৩) কে, কখন হাসপাতালে আসছেন, যাচ্ছেন, তা ডিউটি রস্টার দেখেই স্পষ্ট হবে। ফলে কোনও অপরাধ সংঘটিত হলে, তদন্তে সুবিধা হবে।
৪) রোল কল করতে হবে। ডিউটি শেষ হওয়ার সময়েও রোল কল করতে হবে।
৫) কর্মী নিয়োগের পর তাঁদের প্রশিক্ষণটা যেন ঠিক ভাবে হয় সেদিকেও জোর দিতে হবে।
এছাড়াও হাসপাতালগুলিতে পর্যাপ্ত আলো, সিসিটিভি রাখতে হবে। কোনও CCTV খারাপ হলে তা তৎক্ষণাৎ বদলে দিতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এসএসকেএম এবং উলুবেড়িয়ার হাসপাতালে ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে ঝড় ওঠে রাজ্যে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উঠতে থাকে নানান প্রশ্ন। এই বিষয়গুলি কানে যেতেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক ডাকেন।
