কলকাতা- আরজি কর মেডিকেল কলেজে এক চিকিৎসকের রহস্য মৃত্যু। মৃতের নাম শুভজিৎ আচার্য। তিনি আরজি কর মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন।
গতকাল রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় বারাসতের এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশির কুঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন চিকিৎসক শুভজিৎ আচার্য। গতকাল গভীর রাতে তিনি অসুস্থতা বোধ করলে পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে নিয়ে যান বারাসতের এক বেসরকারি হাসপাতালে।
সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে হাসপাতাল সুত্রে জানা গেছে, হার্ট রেট নিয়ন্ত্রণে রাখতে ওই চিকিৎসক নিয়মিত কিছু ওষুধ খেতেন।
অনুমান করা হচ্ছে, ওষুধের কারণেই বিষক্রিয়া হয়েছে। যার জেরেই অকালে প্রাণ হারিয়েছেন ওই চিকিৎসক। সহকর্মীরা জানিয়েছেন, ‘খুব শান্ত, পরিশ্রমী মানুষ ছিলেন শুভজিৎ। এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছি না।’
মৃতের স্ত্রী জানিয়েছেন, ‘বাড়িতে সুস্থ-স্বাভাবিকই ছিলেন। রাত ১০টা নাগাদ খাওয়া-দাওয়া সারেন। রাত ১২টা নাগাদ হঠাৎ অসুস্থ বোধ করেন ওই চিকিৎসক। স্ত্রীকে বলেন হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। এরপর রাত ১২টা ৩৭ মিনিটে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’
