ছত্তিশগড়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা , ৬ জনের মৃত্যু,ক্ষতিপূরণ ঘোষণা রেলমন্ত্রীর

কলকাতা- মঙ্গলবার বিকেলে ছত্তিশগড়ের বিলাসপুর স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের।

কোরবা থেকে বিলাসপুরগামী একটি যাত্রীবাহী মেমু লোকাল ট্রেনের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সজোরে সংঘর্ষের ফলে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বিলাসপুর-কাটনি রুটের গাতোরা এবং বিলাসপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি লাল খাদান এলাকায় বিকেল ৪টের দিকে দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, যাত্রীবাহী ট্রেনের সামনের দিকের ইঞ্জিন এবং কয়েকটি কামরা দুমড়ে-মুচড়ে মালগাড়ির উপর উঠে যায়। ২০২৩ সালের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনে এই দুর্ঘটনা।

খবর পেয়েই স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-ও উদ্ধারকাজে হাত লাগায়।

আহতদের দ্রুত উদ্ধার করে বিলাসপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় স্বাস্থ্যমন্ত্রী শ্যাম বিহারী জৈসওয়াল প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও, পরে এই সংখ্যা ৬-এ পৌঁছায়। গুরুতর আহত আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের মধ্যে লোকো পাইলটও রয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *