কলকাতা – দুবাই এয়ার শোয়ের মধ্যে তেজস যুদ্ধবিমানই ভেঙে পড়েছে – ভারতীয় বায়ুসেনাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনই জানানো হল।
ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার তরফে বলা হয়েছে, ‘২০২৫ সালের দুবাই এয়ার শোয়ের সময় ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান ভেঙে পড়েছে। এই মুহূর্তে আরও তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে।’
পরবর্তীতে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে যে পাইলট মারা গিয়েছেন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে বায়ুসেনার তরফে। সেইসঙ্গে বায়ুসেনার তরফে জানানো হয়েছে, কীভাবে ওই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ‘কোর্ট অফ এনকোয়ারি’ হবে।
আর সেই ঘটনা ঘটেছে দুবাই এয়ার শোয়ের শেষদিনে। গত সোমবার থেকে এয়ার শো চলছে। শেষদিনের যে সূচি প্রকাশ করা হয়েছিল, তাতে দুপুর পঞ্চম দিনের সূচনা হয় ভারতের সূর্যকিরণের হাত ধরে। তারপর তালিকায় নাম ছিল এফ৩৫ যুদ্ধবিমানের। তিন নম্বরে ছিল তেজসের জন্য। সূচি অনুযায়ী, দুপুর ২ টো ১৫ মিনিট থেকে তেজসের প্রদর্শনী শুরু হওয়র কথা ছিল। বরাদ্দ ছিল আট মিনিট।
সংবাদসংস্থা এপির প্রতিবেদন উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী দুপুর দুটো ১০ মিনিট নাগাদ সেই যুদ্ধবিমান ভেঙে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে যে একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ছে। আর তারপর বিস্ফোরণ হতে দেখা যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে।
