কলকাতা- সোনার প্রতি ভালাবাসা তাঁর পরিচিতি। রাজস্থানের চিতোরগড়ের ফল ব্যবসায়ী কানহাইয়ালাল খাটিককে এবার হুমকি দিয়ে পাঁচ কোটি টাকা দাবি করল একদল দুষ্কৃতী।
অভিযোগ, কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারার গ্যাংয়ের তরফে এই হুমকি দেওয়া হয়েছে।
৫০ বছর বয়সী কানহাইয়ালাল খাটিক, যিনি একসময় ঠেলাগাড়িতে সবজি বিক্রি করতেন, পরবর্তীতে আপেলের ব্যবসায় নেমে বিপুল সাফল্য পান।
এর পর থেকেই সোনার প্রতি তাঁর আকর্ষণ বাড়তে থাকে। বর্তমানে তাঁর শরীর মোড়া থাকে প্রায় ৩.৫ কেজি সোনা দিয়ে। আর সেই কারণেই তিনি চিতোরগড়ের ‘গোল্ডম্যান’ (অনেকে তাঁকে ‘বাপ্পি লাহিড়ী’-ও বলেন) নামে পরিচিত।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি খাটিকের ফোনে প্রথমে একটি মিসড কল আসে। এরপর একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল করা হলেও তিনি ধরেননি। এরপর, তাঁর ফোনে একটি অডিও ক্লিপ পাঠানো হয়, যেখানে সরাসরি ৫ কোটি টাকা দাবি করা হয়।
কানহাইয়ালাল পুলিশকে জানিয়েছেন, ফোনে তাঁকে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি তিনি এই দাবি না মানেন, তবে তিনি আর সোনার অলঙ্কার পরার মতো অবস্থায় থাকবেন না। তাঁকে নির্বিবাদে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্যও বলা হয়।
প্রসঙ্গত, যে গ্যাংস্টার গোষ্ঠীর নামে এই হুমকি দেওয়া হয়েছে, সেই রোহিত গোদারা রাজস্থানের বিকানেরের লুনাকরণের বাসিন্দা। সূত্রের খবর, বর্তমানে সে কানাডায় আত্মগোপন করে রয়েছে। ভারতে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩২টিরও বেশি মামলা রয়েছে।
