কলকাতা- ‘এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।’ গীতাপাঠের ব্রিগেডে প্যাটিস বিক্রতাদের বেধড়ক মারধরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের আগে রাজ্যে সড়ক পরিকাঠামোয় আরও জোর দিচ্ছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে রিমোট টিপে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় ২০ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন মুখমন্ত্রী।
বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে ব্রিগেডে প্যাটিস বিক্রেতাদের মারধরের ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ব্রিগেডে মারধরের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মুখ্যমন্ত্রী বলেন, ‘প্যাটিস বিক্রেতাদের মারধর করা হয়েছে। কাল সবকটাকে গ্রেফতার করেছি। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।’
‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিকে বিঁধে তিনি বলেন, ‘গীতাপাঠ আমরা সবাই করি। তার জন্য পাবলিক মিটিং করার কী আছে?’
তাঁর বক্তব্য, ধর্মাচারণ ব্যক্তিগত, তা রাজনৈতিক প্রদর্শনের বিষয় হওয়া উচিত নয়। এদিনের সভা থেকে ডিটেনশন ক্যাম্প নিয়েও পরিষ্কার অবস্থান জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। মনে রাখবেন, আমি ভোট চাইতে আসিনি। নিশ্চিন্তে থাকুন, কাউকে তাড়াতে দেব না। সবাইকে স-সম্মানেই রক্ষা করব।’
