কলকাতা- মহিলাদের নিয়ে কুমন্তব্য করে বিতর্কে জড়ালেন কেরলের এক সিপিআইএম (CPIM) নেতা। কেরলের মালাপ্পুরম জেলার থেনেলা পঞ্চায়েতের একটি আসনে ৪৭ ভোটের সামান্য মার্জিনে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ প্রার্থীকে হারান নির্দল প্রার্থী হিসেবে লড়াইকরা সইদ আলি মজিদ নামে ওই নেতা।
এক বিজয় সভায় সমর্থক-কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মজিদ বলেন, মহিলারা বিয়ের পর বাড়িতে এলে তাদের সবার সামনে বের করা উচিত নয়। বরং তাদের কাজ শুধু স্বামীর সঙ্গে শোয়া।
মজিদের এই মন্তব্য শুধু রাজনৈতিক মহলে নয়, সমাজের বিভিন্ন স্তরে ক্ষোভের জন্ম দিয়েছে। বিভিন্ন মহিলা সংগঠন, রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, এই ধরনের মন্তব্যের সমাজজীবনে কোনও স্থান নেই।
উল্লেখ্য, দলের সঙ্গে মতবিরোধ হওয়ায় সিপিএমের লোকাল সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিয়ে নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন মাজিদ। এই নির্বাচনে নিজের ওয়ার্ডে তাঁর প্রাপ্ত ভোট মোট ৬৬৬টি। প্রধান প্রতিপক্ষ আইইউএমএল প্রার্থীকে মাত্র ৪৭ ভোটে হারান তিনি।
