কলকাতা- শনিবার ভোরে একপাল হাতিকে ধাক্কা মারে ডাউন সায়রাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। ঘটনাটি ঘটে আসামের হোজাই জেলার কামপুর এলাকায়।
অন্তত সাতটি বন্য হাতি নিহত হয়েছে। এছাড়া একটি হাতি আহত হয়েছে। লাইনচ্যুত হয়েছে রাজধানীর পাঁচটি কামরা।
ঘটনার পর নগাঁও বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সুহাস কদম জানিয়েছেন, হাতির মৃতদেহগুলির ময়নাতদন্ত হচ্ছে।
এদিকে দুর্ঘটনার জেরে এই রুটে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) কর্মকর্তা জানান, লামডিং ডিভিশনের অধীনে যমুনামুখ-কামপুর সেকশনে ভোররাত ২টো ১৭ মিনিটে ঘটনাটি ঘটে। তবে কোনও যাত্রী এই ঘটনায় হতাহত হননি। যেখানে এই ধাক্কা লাগে, সেই এলাকাটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে।
ঘন কুয়াশা থাকায় দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না। যখন ট্রেনচালক হাতিগুলিকে দেখতে পান, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
