কলকাতা- ঠান্ডায় জমে যাচ্ছে দিল্লি। রাজধানীতে রেকর্ড পারদ পতন। সর্বনিম্ন তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন-এ (এনসিআর) বৃষ্টি এবং উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়ার পূর্বাভাস ছিলই। যার জেরে ওই অঞ্চলে শীতের তীব্রতা আরও বেড়েছে।
সফদরজং আবহাওয়া কেন্দ্রের তথ্য থেকে জানা গিয়েছে, শুক্রবার দিল্লি ও এনসিআর-এর সর্বনিম্ন তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
আইএমডি জানিয়েছে, সফদরজং, লোদি রোড, আইটিও, ইন্ডিয়া গেট, নেহরু স্টেডিয়াম, আরকে পুরম, ডিফেন্স কলোনি, লাজপত নগর, বসন্ত কুঞ্জ, হাউজ খাস, মালবিয়া নগর, মেহরৌলি, ছত্তরপুর, আয়া নগর এবং ডেরামান্ডি-সহ বেশ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। সাধারণত বৃষ্টিপাত বায়ুদূষণ কমাতে সাহায্য করে বলে মনে করা হলেও, রাজধানীর বায়ুর মানের উন্নতি হয়েছে সামান্যই।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, দিল্লির সামগ্রিক বায়ু মানের সূচক (একিউআই) ছিল ২৮০, যা ‘খারাপ’ বলে জানিয়েছে এএনআই।
