কলকাতা- ইডি-র সাম্প্রতিক অভিযানের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার পথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গন্তব্য— যাদবপুর থেকে হাজরা মোড়।
তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি চালায়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে বিজেপি ইডি-কে ব্যবহার করে তৃণমূলের আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল এবং প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এদিন মিছিলে গ্ল্যামার দুনিয়ার উপস্থিতিও ছিল নজরকাড়া। মমতার পাশেই পা মেলাতে দেখা গিয়েছে:
সায়নী ঘোষ, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী ও লাভলি মৈত্রদের।
মিছিলের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যাদবপুরের মাটি আন্দোলনের মাটি, এখান থেকেই প্রতিবাদের ভাষা তৈরি হয়। বিজেপি-ইডির এই যৌথ চক্রান্ত বাংলা কোনোভাবেই বরদাস্ত করবে না। ওরা ভাবছে ইডি দিয়ে ভয় দেখিয়ে আমাদের রণকৌশল জেনে নেবে? কিন্তু মনে রাখবেন, রাস্তাই আমাদের নতুন রাস্তা দেখাবে।”
যাদবপুর ৮বি মোড় থেকে শুরু হওয়া এই দীর্ঘ মিছিল টালিগঞ্জ, গড়িয়াহাট এবং রাসবিহারী মোড় হয়ে হাজরায় শেষ হবে। মিছিল শেষে হাজরা মোড়ে একটি সংক্ষিপ্ত সভা করার কথা রয়েছে মমতার।
