কলকাতা- কলকাতা মেট্রোয় আবার ফিরছে রিটার্ন টিকিট। যাত্রীদের সুবিধায় এবার থেকে কিউআর কোড দেওয়া টিকিটে এবার ফেরাও যাবে সহজে।
ফেরার সময় আর টিকিট কাউন্টারে দাঁড়াতে হবে না। তাতে সময় বাঁচবে। ফলে একবার টিকিট কেটেই নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
শনিবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই টিকিটের মেয়াদ থাকবে দিনভর। একটা সময়ে মেট্রোয় কাগজের রিটার্ন টিকিট ছিল। কিন্তু পরবর্তী সময়ে টিকিটের বদলে টোকেন এবং তারও পরে কিউআর কোড দেওয়া টিকিট চালু হওয়ায় আর ‘রিটার্ন’ সম্ভব ছিল না। মেট্রোর এই ঘোষণায় খুশি যাত্রীরা।
শনিবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার কিউআর কোড দেওয়া টিকিট বদলে ফেলা হচ্ছে। এবার তাতে যুক্ত হচ্ছে ‘রিটার্ন’ অপশনও। পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু হচ্ছে কলকাতা মেট্রোর সব শাখায়। একবার মেট্রোর কাউন্টার থেকে টিকিট কাটলেই হবে। ব্লু, ইয়েলো, গ্রিন, অরেঞ্জ – কলকাতা মেট্রোর সব লাইনেই পরীক্ষামূলকভাবে কিউআর কোড দেওয়া রিটার্ন টিকিট চালু হচ্ছে।
