কলকাতা – অপারেশন সিঁদুরের অন্যতম ‘মুখ’ তিনি। ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিকে সম্মানিত করা হয়েছে। কর্নেল সোফিয়াকে ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ‘পরম বিশিষ্ট সেবা’ পদক প্রদানের ঘোষণা করা হল।
গত বছর মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারতের আয়োজিত সাংবাদিক বৈঠকে ছিলেন কর্নেল সোফিয়া। তিনি ছাড়াও ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংও পাকিস্তানকে যোগ জবাব দেন।
গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন। মৃত্যু হয় ২৬ জনের। তারপর ৬ মে রাতে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গি ছাউনিতে হামলা চালায় ভারত।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতের অপারেশন সিঁদুরে ১০০-রও বেশি জঙ্গি খতম হয়। আর তাতেই মন কেঁদে ওঠে পাকিস্তানের। ভারতে হামলার চেষ্টা করে। কিন্তু কোনও লাভ হয়নি। বরং ভারতীয় সুরক্ষা বাহিনীর ঘাঁটির পাশাপাশি অসামরিক প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চালাচ্ছিল। আর তারপর পালটা পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল ভারত।
উল্লেখ্য, সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার এবং বর্তমানে কর্নেল পদে আছেন। তিনি রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা হিসেবে পরিচিত।
তিনি গুজরাটের ভদোদরায় মহম্মদ কুরেশি এবং আমিনা কুরেশির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজিতে ডিগ্রি অর্জন করেছেন। তিনি সেনাবাহিনীর সিগন্যাল কোরের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালে পুণেতে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়া ফোর্স ১৮-র সময় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।
