কলকাতা – মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায। মৃত্যু হল উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারের। বুধবার সকালে মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে তাঁর চার্টার্ড বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় বিমানের দুই পাইলট এবং পাওয়ারের দুই নিরাপত্তারক্ষী সহ মোট পাঁচজনেরই মৃত্যু হয়েছে।
সূত্রের খবর, এদিন সকাল ৮টা নাগাদ মুম্বই থেকে ভিএসআর সংস্থার ‘লিয়ারজেট ৪৫’ বিমানে সওয়ার হয়েছিলেন ৬৬ বছর বয়সি এই নেতা। গন্তব্য ছিল নিজের নির্বাচনি গড় বারামতী।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অবতরণের ঠিক ৪৫ মিনিট আগে ঘটে যায় দুর্ঘটনা।
জানা গিয়েছে, অবতরণের সময় বিমানটি রানওয়ের একদম ধারে চলে যায়। এরপরই মুহূর্তের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা গিয়েছে, বিমানের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হলেও কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।
