কলকাতা – বিধানসভা ভোটের আগে রাজ্যে কি নতুন রাজনৈতিক ফ্রন্ট তৈরি হতে চলেছে? তৃণমূল তাঁকে বিতাড়িত করার পর নিজের দল ‘জনতা উন্নয়ন পার্টি’ গড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
সম্প্রতি নিউটাউনের এক হোটেলে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক বিভিন্ন জল্পনা উসকে দিয়েছে। আর এই বৈঠক নিয়ে এবার মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
হুমায়ুন ও সেলিমের সাক্ষাৎ প্রসঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট জানান, সিপিএম এখন দিকভ্রান্ত। তিনি বলেন, “ওদের মধ্যে জোট হবে কি না, সেটা দেখার বিষয়। কিন্তু সিপিএম আসলে সবটা ঘেঁটে দিতে চাইছে।”
তৃণমূলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “তৃণমূলই হয়তো সিপিএমকে এই কাজে লাগিয়ে দিয়েছে। তৃণমূল চায় না জোটটা ঠিকঠাক হোক। আসলে সিপিএম দলটা সব সময় কনফিউজড। ওরা কখনও কংগ্রেসের সঙ্গে যাচ্ছে, আবার কখনও আলাদা ভাবনা চিন্তা করছে।”
এদিকে, বৈঠকের পর মহম্মদ সেলিম জানিয়েছেন, এখনই কোনও জোটের কথা ভাবা হচ্ছে না। তিনি বলেন, “হুমায়ুন কবীর নতুন দল নিয়ে ঠিক কী ভাবনাচিন্তা করছেন এবং ভবিষ্যতে কীভাবে এগোতে চাইছেন, মূলত সেই বিষয়গুলো জানতেই এই আলোচনা। জোট নিয়ে এখনও কোনো চূড়ান্ত কথা হয়নি।”
ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক এবং বামেদের হৃত জমি পুনরুদ্ধারের চেষ্টায় হুমায়ুন-সেলিম বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
