হাইওয়েতে এবার থেকে নগদ লেনদেন বন্ধ! ১লা এপ্রিল থেকে টোল প্লাজ়ায় চলবে শুধুই ডিজিটাল লেনদেন

কলকাতা- দেশের জাতীয় সড়কগুলিতে টোল আদায় ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। ১ এপ্রিল, ২০২৬ থেকে সমস্ত জাতীয় সড়ক টোল প্লাজ়ায় নগদ লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে আগামী অর্থবছর থেকেই টোল মেটানো যাবে কেবলমাত্র ডিজিটাল পদ্ধতিতে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকেই ‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে অনলাইন লেনদেনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এবার টোল প্লাজ়াগুলিকে সম্পূর্ণ ‘ডিজিটাল টোলিং ইকোসিস্টেম’-এর আওতায় আনা হচ্ছে।

বর্তমানে দেশের ৯৮ শতাংশেরও বেশি গাড়িতে ‘ফাসট্যাগ’ পরিষেবা চালু রয়েছে।আরএফআইডি প্রযুক্তির পাশাপাশি দ্রুত লেনদেনের জন্য কিউআর কোড স্ক্যান করে ইউপিআই-এর মাধ্যমেও পেমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে।

নিয়ম অনুযায়ী, কোনো গাড়িতে বৈধ ফাসট্যাগ না থাকলে এবং চালক নগদে টোল মেটাতে চাইলে নির্ধারিত হারের দ্বিগুণ টাকা নেওয়া হয়।

অন্যদিকে, ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করলে প্রযোজ্য হারের ১.২৫ গুণ টাকা দিতে হয়।এনএইচএআই-এর সমীক্ষায় দেখা গিয়েছে, নগদ লেনদেনের কারণে টোল প্লাজাগুলিতে দীর্ঘ যানজট, সময়ের অপচয় এবং প্রায়শই চালক ও কর্মীদের মধ্যে বিবাদ তৈরি হয়।

দেশের ১,১৫০টিরও বেশি টোল প্লাজায় সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা চালু হলে যান চলাচল অনেক বেশি দ্রুত ও স্বচ্ছ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *