মধ্যপ্রাচ্যে অস্থিরতা, হু হু করে বাড়ছে ডলার খরচ! ৯২ ছাপিয়ে রেকর্ড পতন টাকার, তেলের দামও আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা

কলকাতা- মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কা। আবার পড়ল টাকার দাম!

বুধবার সকালে ৭০ পয়সা বেড়ে মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ৯২.১৭ টাকা। পতনে রেকর্ড করেছে ভারতীয় মুদ্রা। সোমবারও এক ডলারের মূল্য ছিল ৯১.৪৯ টাকা।

ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাত পঞ্চম দিনে পড়েছে। আপাতত কোনও তৈলবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করে আসছে না। ফলে, চাহিদা বাড়ছে তেলের।

যেহেতু ভারতের আমদানিকৃত তেলের বেশিরভাগটাই আসে মধ্যপ্রাচ্যের ইরাক, সৌদি আরব, কুয়েতের মতো দেশ থেকে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির পর থেকে কমেছে রাশিয়ার থেকে তেল কেনা। সব মিলিয়ে চাপে রয়েছে ভারত। উল্লেখ্য, তেলের দাম বাড়লে অতিরিক্ত ডলার খরচ হয়। ফলে ডলারের চাহিদা বাড়ে। ফলে দুর্বল হয়ে পড়ে ভারতীয় মুদ্রা।

যুদ্ধের প্রভাব পড়েছে দালাল স্ট্রিটেও। একধাক্কায় ১৫০০ পয়েন্ট খুইয়ে ৮০ হাজারের নিচে নেমেছে সেনসেক্স। পাল্লা দিয়ে নেমেছে নিফটিও। ৪০০ পয়েন্টের বেশি পড়েছে নিফটির সূচক। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *