বাড়ল গ্যাসের দাম, কলকাতায় LPG সিলিন্ডারের রেট কত জানেন? ইরান-আমেরিকা সংঘাতের জের!

কলকাতা- ইরান-ইজরায়েল যুদ্ধের জের। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম আজ থেকে ৬০ টাকা বেড়েছে।

বাণিজ্যিক রান্নার সিলিন্ডারের দাম বেড়েছে ১১৫ টাকা। এই আবহে আজ দিল্লিতে ১৪.২ কেজি ওজনের ঘরোয়া সিলিন্ডার দাম বেড়ে ৯১৩ টাকা হয়েছে, কলকাতায় তা হয়েছে ৯৩৯ টাকা।

আজ থেকে দিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ১৮৮৩ টাকায় পাওয়া যাবে। ১ মার্চ এর দাম ছিল ১৭৬৮.৫০ টাকা। আর ১ ফেব্রুয়ারি তা ছিল ১৭৪০.৫০।

যুদ্ধের আবহে গোটা বিশ্বে জ্বালানির সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে আপাতত আগামী কয়েকদিনের জন্য এলপিজি-র ডবল সিলিন্ডারের সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল।

এবার অপর এক রিপোর্টে দাবি করা হল, বাড়ির রান্নার গ্যাস বুকিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রক। জানা গিয়েছে, এবার একটি সিলিন্ডার বুকিংয়ের ২১ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে।

আপাতত কোনও গ্রাহককে এলপিজি-র ডবল সিলিন্ডারের সংযোগ না দেওয়ার জন্য ডিস্ট্রিবিউটরদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে জ্বালানি সংস্থাগুলি। উল্লেখ্য, ভারত মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ আমদানি করে। এর অধিকাংশই উপসাগরীয় দেশগুলি থেকে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *