কলকাতা- খাস কলকাতায় বিউটি পার্লারের ভিতরে ভয়াবহ খুন। দক্ষিণ কলকাতার গড়িয়া তেঁতুলতলা এলাকায় এক মহিলাকে কুপিয়ে খুন করার পর খোদ আততায়ী প্রেমিক আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ।
মঙ্গলবার দুপুরের এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দুটি দেহ উদ্ধার করেছে।
মৃত মহিলার নাম রূপবাণী দাস (৫০)। স্থানীয় সূত্রে খবর, গত ১৫ বছর ধরে ওই এলাকায় বিউটি পার্লার রয়েছে তাঁর। এদিন দুপুরেও তাঁর স্বামী অনুপকুমার দাস তাঁকে বাইকে করে পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান।
ঠিক তার কিছু পরেই এক যুবক পার্লারে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পার্লারের ভেতরেই ওই মহিলার সঙ্গে যুবকের প্রবল তর্কাতর্কি শুরু হয়। ঝগড়া চরম পর্যায়ে পৌঁছলে আচমকাই ধারালো অস্ত্র নিয়ে রূপবাণীর ওপর ঝাঁপিয়ে পড়ে ওই যুবক।
দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে রূপবাণীর স্বামীর কাছে ফোন যায়। জানানো হয়, তাঁর স্ত্রীর সঙ্গে এক যুবকের মারপিট চলছে। তড়িঘড়ি অনুপবাবু এক আত্মীয়কে নিয়ে পার্লারে পৌঁছলে দেখেন, মেঝে রক্তে ভেসে যাচ্ছে। স্থানীয়দের দাবি, মহিলাকে এলোপাথাড়ি কোপানোর পর আততায়ী যুবক নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মঘাতী হন।
খবর পেয়ে গড়িয়া ফাঁড়ি ও স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, সম্পর্কের টানাপোড়েন এবং পুরোনো বিবাদের জেরেই এই মর্মান্তিক পরিণতি।
