কলকাতা- বহু সরকারি শিক্ষক চাকরি হারিয়েছিলেন দুর্নীতি মামলার জেরে। এই আবহে রাজ্যে সরকারি কর্মীদের সংখ্যা কমেছে।
এদিকে ভোটের আবহে সরকারি কর্মী কম থাকায় এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার চিকিৎসকদেরও ভোটের কাজে ব্য়বহার করা হবে।
ভোটে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের চিঠি গিয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসকদের নামেও। এরই সঙ্গে দাবি করা হয়েছে, বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষকের ভোটের ডিউটি দেওয়া হয়েছে।
কমিশনের সাফাই, আগের তথ্য অনুযায়ী হয়তো চাকরিহারা শিক্ষকদের কয়েকজনকে বহাল করা হয়ে থাকতে পারে ভোটের দায়িত্বে।
জানা যায়, গত সোমবার আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ৪৯ জন চিকিৎসককে ভোটের কাজে যোগদানের জন্য চিঠি পাঠায় কমিশন।
এদিকে ভোটের দায়িত্ব পালন করতে চিকিৎসকরা চলে গেলে হাসপাতালগুলিতে রোগী পরিষেবা আরও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমনিতেই সরকারি হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। তার ওপর ভোটের সময় চিকিৎসকদের দায়িত্ব পালন করতে যেতে হলে পরিস্থিতি আরও বেসামাল হয়ে পড়তে পারে। এই নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর।
