কলকাতা- ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বৃহস্পতিবার ধূপগুড়ির ফণীর মাঠে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উন্নয়নের পরিসংখ্যান ও কেন্দ্রীয় বঞ্চনার খতিয়ান তুলে ধরে এদিন ধূপগুড়ি আসনটি পুনরায় তৃণমূলের দখলে আনার আহ্বান জানান তিনি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপির দখলে থাকলেও, ২০২৩ সালের উপনির্বাচনে সমীকরণ বদলে যায়। সেবার প্রায় ৪ হাজার ভোটের ব্যবধানে জিতে বিধায়ক হন তৃণমূলের নির্মলচন্দ্র রায়।
২০২৪-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে ফের লিড পায় বিজেপি; প্রার্থী জয়ন্তকুমার রায় এগিয়েছিলেন ৬,৩৭২ ভোটে। লোকসভার সেই হারের ক্ষত মুছে এবার বিধানসভায় জয়ের ধারা বজায় রাখাই তৃণমূলের প্রধান লক্ষ্য।
এদিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি বাংলায় হেরে গিয়ে সাধারণ মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। যদি ধূপগুড়িতে ফের বিজেপি জেতে, তবে আপনাদের ওই বঞ্চনার মডেলকেই সমর্থন করতে হবে।”
তিনি আরও যোগ করেন, যেখানে তৃণমূল জিতেছে সেখানেও কাজ হয়েছে, আবার যেখানে জয় আসেনি, সেখানেও উন্নয়নের কাজ থামিয়ে রাখা হয়নি।
কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, “১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। কোন মুখে বিজেপি প্রার্থীরা ভোট চাইতে আসবেন?”
