কলকাতা- পশ্চিম বর্ধমানের খনি অঞ্চলের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় শনিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রানিগঞ্জের ধসপ্রবণ এলাকায় বসবাসকারী পরিবারগুলির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দুটি করে ফ্ল্যাট এবং ১০ লক্ষ টাকা করে পুনর্বাসন প্যাকেজের আশ্বাস দিলেন তিনি।
রঘুনাথগঞ্জের সাম্প্রদায়িক উত্তেজনা এবং ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের জীবন সবচেয়ে দামী। আমরা ইতিমধ্যে ৭০০ কোটি টাকা খরচ করে ৬ হাজার ফ্ল্যাট তৈরি করেছি, আরও ৪ হাজার তৈরি হচ্ছে। আমি মা-বোনেদের অনুরোধ করছি, আপনারা নতুন করে ভাবুন। ধস নামলে হাজার হাজার প্রাণ চলে যেতে পারে। রাজ্য সরকার আপনাদের একটি নয়, দু’টি করে ফ্ল্যাট দেবে এবং স্থানান্তরের খরচসহ মোট ১০ লক্ষ টাকা ব্যয় করা হবে।” তিনি স্পষ্ট করে দেন যে, এটি কোনও জোরজবরদস্তি নয়, বরং জীবন রক্ষার একটি আন্তরিক আবেদন।
শুক্রবার রঘুনাথগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার জন্য সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “দক্ষ অফিসারদের সরিয়ে দিয়ে দাঙ্গা করিয়েছে বিজেপি ও কমিশন। পরিকল্পিতভাবে হিংসা ছড়ানো হয়েছে।”
অস্ত্র নিয়ে মিছিল করা সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “এখন তো পুলিশ-প্রশাসন কমিশনের হাতে, আমার হাতে ক্ষমতা নেই। তবুও এই সংঘর্ষ থামাতে না পারার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি।”
