কলকাতা- আরজি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ১৯ মাস পূর্ণ। নির্যাতিতার মা রত্না দেবনাথের সক্রিয় রাজনীতিতে যোগদান এবং বিজেপি প্রার্থী হিসেবে পানিহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।
এই বিষয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ (WBJDF)।
সমাজমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়েছে, নির্বাচনে লড়াই করা সম্পূর্ণভাবে রত্না দেবনাথের ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ক্ষেত্রে সংগঠনের সমর্থন বা আপত্তির প্রশ্ন ওঠে না।
যদিও চিকিৎসকদের প্রশ্ন, বর্তমান বিচার ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো কি এতটাই ব্যর্থ যে, একজন সন্তানহারা মাকে বাধ্য হয়ে ক্ষমতার অলিন্দে ন্যায়ের খোঁজ করতে হচ্ছে?
নির্যাতিতার মা প্রধান বিরোধী দলকে বেছে নিলেও, বিজেপির অতীত রেকর্ড নিয়ে কড়া সমালোচনা করেছে ফ্রন্ট। বিবৃতিতে বলা হয়েছে, এমন একটি দলের হয়ে তিনি দাঁড়াচ্ছেন যারা অতীতে নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের পাশে দাঁড়িয়েছে।
আদর্শগত কারণে কোনো রাজনৈতিক দলের প্রার্থীকেই সংগঠন সমর্থন করবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। একইসঙ্গে, নির্যাতিতার মাকে নিয়ে সমাজমাধ্যমে চলা কুরুচিকর ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা করেছেন চিকিৎসকরা। তাঁদের মতে, একজন অসহায় মা কতটা বিধ্বস্ত হলে নিজেকে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে দেন, তা সহানুভূতির সঙ্গে দেখা উচিত।
