কলকাতা- আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় বড়সড় গলদ!
শনিবার দুপুরে মালদার মালতীপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে একটি রহস্যময় ড্রোন উড়তে দেখায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কপ্টারে ওঠার ঠিক মুখেই ড্রোনটি নজরে আসে মমতার। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার মালদায় তিনটি জনসভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। মানিকচকে প্রথম সভা শেষ করে তিনি মালতীপুরে দ্বিতীয় সভাটি করেন।
সভা সেরে তৃতীয় গন্তব্য গাজোলের উদ্দেশে রওনা দেওয়ার জন্য যখন তিনি হেলিপ্যাডের দিকে এগিয়ে যান, তখনই ঘটে এই বিপত্তি। দেখা যায়, যেখানে মুখ্যমন্ত্রীর কপ্টারটি দাঁড়িয়ে আছে, ঠিক তার সামনেই উড়ছে একটি ড্রোন।
ড্রোন নজরে আসতেই থমকে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তৎক্ষণাৎ মাইক হাতে নিয়ে তিনি বলেন, “পুলিশের এটা নজরে রাখা দরকার। যারা এটা করেছে, তাদের চিহ্নিত করা দরকার।”
খ্যমন্ত্রীর নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে হেলিপ্যাডের এত কাছে কীভাবে ড্রোন চলে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গত কয়েক দিনে বারবার আকাশপথে বিপদের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে। এই ঘটনায় তিনজন যুবককে আটক করেছে পুলিশ।
এর আগে ২৬ মার্চ দুবরাজপুর থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। কলকাতা বিমানবন্দরের আকাশে প্রায় ৭০ মিনিট চক্কর কাটার পর এবং বেহালা ফ্লাইং ক্লাবে তিনবার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর অবশেষে দমদমে নামে বিমানটি।
এর পর মুর্শিদাবাদের বড়ঞা থেকে নবগ্রাম যাওয়ার পথে প্রবল দুর্যোগের মুখে পড়ে কপ্টার। ঝুঁকি না নিয়ে পাইলট কপ্টারটি বড়ঞাতেই ফিরিয়ে আনেন। পরে সড়কপথে গন্তব্যে পৌঁছন মুখ্যমন্ত্রী।
