বিজেপিতে যোগ দিতেই বড় পুরস্কার টেনিস তারকা লিয়েন্ডারকে! স্বরাষ্ট্রমন্ত্রকের বড়সড় ঘোষণা

কলকাতা- বিজেপিতে যোগ দিতেই বড় পুরস্কার। এক সপ্তাহের মধ্যেই টেনিস তারকা লিয়েন্ডার পেজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ‘এক্স’ ক্যাটিগোরির নিরাপত্তা বলয় প্রদান করা হয়েছে।

এখন থেকে তাঁর সুরক্ষার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী বা সিআইএসএফ জওয়ানরা।

সম্প্রতি দিল্লিতে বিজেপিতে নাম লিখিয়েছেন ৫২ বছর বয়সি এই খেলোয়াড়। তাঁর এই নতুন ইনিংস শুরুর ঠিক পরেই কেন্দ্রীয় মন্ত্রকের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে লিয়েন্ডার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও, এখন তিনি পদ্ম শিবিরের অন্যতম মুখ।

স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের মতে, লিয়েন্ডারের বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবস্থান এবং তাঁর প্রতি সম্ভাব্য হুমকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সামনেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। গেরুয়া শিবিরের হয়ে প্রচারের ময়দানে লিয়েন্ডারের সক্রিয়তা বাড়বে, আর সেই কারণেই তাঁর সুরক্ষা নিশ্চিত করতে চাইছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *