কলকাতা- মমতা বন্দ্যোপাধ্যায় যাঁর প্রশংসা করেছিলেন, সেই অভিনব ভট্টাচার্যের মনোনয়ন জমা করতে পারলেন না।
রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সংক্রান্ত জটিলতায় কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র বাতিল করলেন রিটার্নিং অফিসার।
জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারার কোপে পড়েই এই বিপত্তি। তবে হাল ছাড়ছে না ঘাসফুল শিবির; অভিনবের জায়গায় এখন ময়দানে নামানো হয়েছে বিকল্প প্রার্থী সোমনাথ দত্তকে।
প্রশাসন ও কমিশন সূত্রের খবর, জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি সরাসরি সরকারি ঠিকাদারি বা সরকারের সঙ্গে ব্যবসায়িক স্বার্থে যুক্ত থাকেন, তবে তিনি নির্বাচনে লড়তে পারেন না।
সরকারি সরবরাহের কাজে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া আইনের পরিপন্থী বলেই মনে করছে কমিশন।
গত মঙ্গলবার শান্তিপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিনবকে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তখন থেকেই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে।
তৃণমূল নেতৃত্ব অবশ্য আগেভাগেই এমন পরিস্থিতির কথা মাথায় রেখে ‘বিকল্প রাস্তা’ তৈরি রেখেছিল। আইনি জটিলতায় অভিনব বাদ পড়তেই দলের বিকল্প প্রার্থী হিসেবে সোমনাথ দত্তের নাম চূড়ান্ত করা হয়েছে। আগেভাগেই সোমনাথের মনোনয়নপত্র জমা রাখা হয়েছিল, ফলে কৃষ্ণনগর উত্তরে লড়াই থেকে সরতে হচ্ছে না শাসকদলকে।
