কলকাতা- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোটগ্রহণ চলছে।
বুথের সামনে ভোটারদের দীর্ঘ লাইন গণতন্ত্রের উৎসবের মেজাজ ফুটিয়ে তুলেছে। ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি ভোটার আজ নির্ধারণ করবেন বাংলার পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ।
দলীয় সূত্রে খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের দফতর থেকে জেলা স্তরের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন।
বুথস্তরের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন তিনি।
অন্যদিকে, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসেও চলছে কড়া নজরদারি। জেলার তথ্য সংগ্রহ করে সরাসরি দলনেত্রীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
ভোটের ময়দানে নামার আগেই জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী বিজেপির দুই হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। নিজের ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে শুভেন্দু অধিকারী অত্যন্ত সংক্ষেপে অথচ ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “আমরা আসছি।”
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশন এবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথের মধ্যে ১৫ হাজার বুথকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন এবং লাইভ ওয়েবকাস্টিং। কমিশন জানিয়েছে, প্রতিটি বুথেই সময়মতো কর্মী ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।
