আপ ছেড়ে বিজেপিতে রাঘব চাড্ডা! সঙ্গে নিয়ে যাচ্ছেন আরও ৭ জন সংসদকে

কলকাতা – অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে ফাটল। দল ছাড়লেন রাজ্যসভার প্রবীণ সাংসদ রাঘব চাড্ডা।

দলের ১০ জন রাজ্যসভা সাংসদের মধ্যে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৭ জন সাংসদকে নিয়ে তিনি যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে। ফলে রাজ্যসভায় আপ-এর শক্তি কার্যত তলানিতে এসে ঠেকল।

দলের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক ছিন্ন করে রাঘব চাড্ডা বলেন, “যে আপ-কে আমি জীবনের ১৫ বছর দিয়েছিলাম, তারা এখন সৎ রাজনীতি থেকে সরে এসেছে। আমি ভুল দলে থাকা সঠিক মানুষ ছিলাম। তাই দল ছেড়ে মানুষের কাছাকাছি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “সংবিধান অনুযায়ী, একটি দলের মোট সাংসদের দুই-তৃতীয়াংশ সদস্য অন্য কোনো দলের সঙ্গে একীভূত হতে পারেন। আমরা আজ এই বিষয়ে রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের কাছে একটি চিঠি জমা দিয়েছি এবং প্রয়োজনীয় সমস্ত নথিও পেশ করেছি।” তার সঙ্গে বিজেপিতে যোগ দিতে চলা বাকি সাংসদেরা হলেন— স্বাতী মালিওয়াল, হরভজন সিং, সন্দীপ পাঠক, অশোক মিত্তাল, রাজিন্দর গুপ্ত এবং বিক্রম সাহনি।

সম্প্রতি রাজ্যসভায় আপ-এর ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে অশোক মিত্তালকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর থেকেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব বাড়ছিল বলে খবর। চাড্ডার অভিযোগ, যে দুর্নীতিবিরোধী আন্দোলনের হাত ধরে আপ-এর জন্ম হয়েছিল, দলটি এখন সেই আদর্শ থেকে বিচ্যুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *