কলকাতা- দ্বিতীয় দফার ভোটের দিন থেকে শনিবার পর্যন্ত, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ফলতা। এবার ফলতার সব বুথেই পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন।
শনিবার রাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, আগামী ২১ মে অর্থাৎ ফলপ্রকাশের তিন সপ্তাহ পর গোটা ফলতা বিধানসভায় ফের ভোটগ্রহণ হবে।
৪ মে রাজ্যের ২৯৩ আসনের ভোটগণনা ও ফলপ্রকাশ হবে। স্থগিত থাকবে শুধুমাত্র ফলতার ফলাফল।
কমিশন সূত্রে জানা গেছে, ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রের ২৮৫টি বুথেই ফের ভোটগ্রহণ হবে। এই কেন্দ্রের ভোটের গণনা হবে ২৪ মে।
ভোটের ফলাফল ঘোষণার দু’দিন আগে অগ্নিগর্ভ ফলতা। ভোট দিতে না পারার অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সমর্থকদের।
ভোটের পর থেকেই রাজনৈতিক সংঘাত, হামলা এবং পুনর্নির্বাচনের দাবিকে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে এই বিধানসভার হাসিমনগর এলাকা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। সাঁজোয়া গাড়ি নিয়ে এলাকায় টহল দিতে দেখা যায় জওয়ানদের। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হলেও, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি।
