‘আমি না বলা পর্যন্ত গণনাকেন্দ্র ছাড়বেন না’, ভার্চুয়াল বৈঠকে কাউন্টিং এজেন্টদের বড়সড় নির্দেশ মমতার  

কলকাতা- বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বড় জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী তৃণমূল নেতৃত্ব।

শনিবার বিকেলে দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে যোগ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এবং গণনাকেন্দ্রে সতর্ক থাকতে একগুচ্ছ কড়া নির্দেশ দেন তাঁরা।

মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানান, যারা নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করেও লড়াই চালিয়ে গিয়েছেন, দল তাদের উপযুক্ত সম্মান ও পুরস্কার দেবে।

সেই সঙ্গে তিনি এজেন্টদের বার্তা দিয়েছেন, তৃণমূল দু’শোর বেশি আসনে জিতছে। কোনও কেন্দ্রের জয়ের ব্যবধান কম হলে এজেন্টদের পুনর্গণনার দাবি তুলতে হবে বলেও জানিয়েছেন মমতা।

তৃণমূল নেত্রীর দাবি, বুথফেরত সমীক্ষা বা ‘এক্সিট পোল’ আসলে একটি আর্থিক জালিয়াতি, যার মাধ্যমে শেয়ার বাজারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

জানানো হয়েছে, সোমবার ভোরবেলা থেকেই গণনাকেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং বিজয়ী প্রার্থী শংসাপত্র না পাওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না।

মমতার কথায়, ‘অনেক লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। মনে রাখবেন আমরা জিতছি। ২০০-র বেশি আসন পাব। রাত ২ টা বাজলেও কাউন্টিং সেন্টার ছাড়বেন না। যতক্ষণ না আমি বলব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *