কলকাতা- অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরনিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নির্দেশ দিলেন তিনি।
শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় কোনও প্রকার আপস বা খামতি বরদাস্ত করা হবে না।
নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, তাঁর যাতায়াতের পথ এবং রাজনৈতিক কর্মসূচিতে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে, তার জন্য কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বর্তমান সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদের মর্যাদা এবং প্রোটোকল রক্ষায় শুভেন্দুর এই পদক্ষেপ যথেষ্ট ইতিবাচক এবং সৌজন্যমূলক।
রদবদল আনা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা বলয়ে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অভিষেকের ‘জেড প্লাস’ ক্যাটিগোরির নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।
