কলকাতা- শহরের অন্যতম নামী শিক্ষাপ্রতিষ্ঠান। সেই সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের তালা খুলতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য।
কলেজের ইউনিয়ন রুমে তল্লাশি চালিয়ে দুই ট্রলিভর্তি উইপোকা খাওয়া বান্ডিল বান্ডিল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি কলেজের অন্দরেই দুটি বিলাসবহুল হোটেলের মতো কক্ষের হদিস মিলেছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা মহলে।
কলেজের ওই দুটি তালাবন্ধ ঘরকে রীতিমতো বিলাসবহুল আবাসন হিসেবে গড়ে তোলা হয়েছিল। এসি, আরামদায়ক খাট, বিছানা, আলমারি, আধুনিক শৌচালয়—সব সুবিধাই ছিল সেখানে।
ঘর থেকে গর্ভনিরোধকের প্যাকেটও উদ্ধার হয়েছে। অভিযোগ, তৃণমূলের ছাত্রনেতারা এই কক্ষগুলো অবাধে ব্যবহার করতেন। বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষের উপস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ ঘরগুলো খুললে এমন দৃশ্য দেখে বিস্মিত হয়ে যান সকলে।
গত সপ্তাহেই কলেজের ছাত্র সংসদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছিলেন সজল ঘোষ। তাঁর অভিযোগ, কলেজে ভর্তির বিনিময়ে তৃণমূল ছাত্রনেতারা এই বিশাল অঙ্কের দুর্নীতি করেছেন। এই ঘটনার প্রেক্ষিতেই মুচিপাড়া থানায় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও পরিতোষ দত্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
