কলকাতা – লিওনেল মেসির কলকাতা সফর এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খল পরিস্থিতির জেরে তৈরি হওয়া বিতর্ক নতুন মোড় নিল।
সরাসরি বিধাননগর পুলিশ কমিশনারকে ই-মেল করে এই ঘটনার জন্য তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দায়ী করলেন মেসির দলের এক প্রতিনিধি। তিনি সেই ট্যুরে মেসির পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর পাঠানো এই ইমেল ঘিরে এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তোলপাড়। অভিযোগ স্পষ্ট লেখা হয়েছে, সেদিন যুবভারতীতে ঝামেলার সূত্রপাত হয়েছিল অরূপ বিশ্বাসের মাঠে প্রবেশের পর থেকেই।
মেলে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সূচির বাইরে গিয়ে অরূপ বিশ্বাস মেসিকে বারবার স্পর্শ করছিলেন। ছবি তোলার জন্য মেসির কাঁধে এবং কোমরে যেভাবে তিনি হাত দিচ্ছিলেন, তাতে বিরক্ত ও অস্বস্তিবোধ করছিলেন বিশ্বজয়ী তারকা।
মেসির নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী মাঠে মাত্র তিনজন আলোকচিত্রীর থাকার কথা থাকলেও, অরূপ বিশ্বাসের প্রভাবে প্রায় ৪০ জন ব্যক্তি মাঠে ঢুকে পড়েন, যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।
