কেন আচমকাই প্লে ব্যাক ছাড়ার সিদ্ধান্ত অরিজিৎ সিংয়ের? আসল কারণ জানিয়ে দিলেন তাঁর বাবা!

কলকাতা – গোটা দেশের সংগীতপ্রেমী মানুষের কাছে আবেগের আরেক নাম অরিজিৎ সিং। জিয়াগঞ্জের ভূমিপুত্রকে ভরে ভরে ভালোবাসা দিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা। তাই তো, গত মাসে যখন অরিজিৎ আর প্লে ব্যাক করবেন না বলে ঘোষণা করেছিলেন, হতবাক হয়েছিল সকলে।

নানা মুনির নানা মত। অরিজিৎ নিজে জানিয়েছেন, তাঁর একঘেয়ে লাগছিল। একটু অন্য ধারার গান নিয়ে কাজ করতে চান। সঙ্গে নতুনদেরও সুযোগ করে দিতে চান। তাই এহেন সিদ্ধান্ত। এবার ছেলের প্লেব্যাক থেকে সরে আসার সিদ্ধান্তে মুখ খুললেন গায়কের বাবা।

তার বাবা কক্কর সিং-এর মতে, অরিজিৎ মুম্বইয়ের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। তাই ফিরে আসার সিদ্ধান্ত। কারণ? তাঁর শহর জিয়াগঞ্জের শান্তি। নিজের বাড়ির স্বাচ্ছন্দ্য।

বরাবরই মুম্বইয়ের পার্টি বা অ্যাওয়ার্ড শো-র ঝাঁ চকচকে দুনিয়া থেকে নিজেকে সরিয়েই রাখতে পছন্দ করতেন। এমনকী, কোনো আফটার পার্টিতেও থাকতেন না। সবার অলক্ষ্যে কখন যেন স্থান ত্যাগ করতেন। বহু তারকা এমনটা দাবি করেছেন। এমনকী, এতটা চুপচাপ সরে পড়তেন যে, কখনো কখনো নিজের গাড়ি আসার জন্যও অপেক্ষা করতেন না। অটো করেই ফিরে যেতেন মুম্বইয়ের ফ্ল্যাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *