কলকাতা- ইডেনে আরও একবার লেখা থাকল দক্ষিণ আফ্রিকার ট্র্যাজেডি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থাকা এডেন মার্করামদের ৯ উইকেটে চূর্ণ করে ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড।
কেকেআর তারকা ফিন অ্যালেনের অতিমানবিক এক ইনিংস। মাত্র ৩৩ বলে শতরান করে ইডেনের গ্যালারিকে কার্যত স্তব্ধ করে দিলেন এই কিউয়ি ওপেনার।
জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই রণংদেহি মেজাজে ছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। টিম সেইফার্ট এবং ফিন অ্যালেন দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে পাড়ার স্তরে নামিয়ে আনেন।
প্রথম উইকেটের জুটিতে মাত্র ৯.১ ওভারে ১১৭ রান ওঠে। সেইফার্ট ৩৩ বলে ৫৮ রান করে আউট হলেও, অন্য প্রান্তে রুদ্রমূর্তি ধারণ করেন অ্যালেন। ১০টি চার এবং ৮টি ছক্কার সাহায্যে তিনি যখন তাঁর শতরান পূর্ণ করেন, ইনিংসের বয়স তখন মাত্র ১২.৫ ওভার।
টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম শতরানের নজির গড়লেন ফিন অ্যালেন (৩৩ বল)। তিনি স্পর্শ করলেন নামিবিয়ার জ্যান নিকোল লফটি-ইটন এবং জিম্বাবোয়ের সিকন্দর রাজাকে।
তালিকার শীর্ষে রয়েছেন এস্তোনিয়ার সাহিল চৌহান (২৭ বল) এবং দ্বিতীয় স্থানে তুরস্কের মহম্মদ ফাহাদ (২৯ বল)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার এই প্রথম হার প্রোটিয়াদের ‘চোকার্স’ তকমাকেই আরও একবার জোরালো করল। দক্ষিণ আফ্রিকার ১৬৯ রানের জবাবে নিউজিল্যান্ড ১৭৩ রান তুলে নেয় মাত্র ১ উইকেট হারিয়ে।
