কলকাতা – ভারতীয় দলের পেসার মহম্মদ শামিকে খুনের হুমকি। তাঁর ভাই জানিয়েছেন, ই-মেলে শামিকে খুনের হুমকি এসেছে তাঁর কাছে।
এক কোটি টাকা দিতে বলা হয়েছে। নাহলে শামিকে খুন করা হবে। জানা যাচ্ছে, সেই মেলটি এসেছে রাজপুত সিন্ধার নামে একজনের থেকে। শামি এই মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলতে ব্যস্ত। পুলিশ তদন্ত শুরু করেছে।
শামির ভাই মহম্মদ হাসিব জানিয়েছেন, রবিবার দুপুর দুটো নাগাদ তাঁর কাছে মেলটি আসে। তাঁরা দ্রুত আমোরহা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এফআইআর-ও দায়ের করা হয়েছে। সাইবার সেলও বিষয়টি খতিয়ে দেখছে। জন্য যাচ্ছে, কর্ণাটক থেকে মেলটি এসেছে। তবে নামটি ভুয়ো হওয়ার সম্ভাবনাও বেশি।
কিছুদিন আগে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকেও খুনের হুমকি দেওয়া হয়েছিল। পহেলগাঁও জঙ্গিহানার পর ‘আইসিস কাশ্মীর’ নামের সংগঠনের তরফ থেকে হুমকি পেয়েছিলেন তিনি। পরে সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় গুজরাটের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে।
