‘মমতার আঁচলের তলায় থেকে নেতা হয়েছে’, নাম না করে শুভেন্দুকে নিশানা দিলীপ ঘোষের!

কলকাতা- অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আর সেখানে সস্ত্রীক ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার পর থেকেই বিজেপির একাধিক নেতা-মন্ত্রীদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপকে খোশমেজাজে দেখার পর উঠে এসেছে দলবদলের জল্পনাও। দিলীপের অবশ্য সাফ কথা, ‘রাজনীতি ছাড়লেও বিজেপি ছাড়ব না।’ সেই সঙ্গে নাম না করেই পালটা নিশানা করেছেন শুভেন্দু অধিকারী-সহ দলের অন্যদের।

দিঘায় বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বড় বড় কথা কারা বলছেন, যাঁরা মমতার আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন। যাঁরা কালীঘাটের উচ্ছিস্ট খেয়েছেন, আজ বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন, তাঁরা দিলীপকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন।’ নাম না করে সৌমিত্র খাঁকেও কটাক্ষ করেছেন দিলীপ। তিনি বলেন, ‘যাঁরা চারটে বিয়ে করেন, ১৪টা গার্লফ্রেন্ড রাখেন, যাঁদের রাতের জীবন একরকম, দিনের জীবন অন্যরকম, তাঁরা দিলীপ ঘোষকে ত্যাগী-ভোগী বলছেন!’

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্তকেও। দিলীপ মনে করিয়ে দিয়েছেন, তিনি বিজেপির রাজ্য সভাপতি থাকার সময়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত সর্বাধিক আসন পেয়েছে বিজেপি। যতদিন দলে সন্দেহ ছিল না, ততদিন দল এগিয়েছে। যবে থেকে ‘অপসংস্কৃতি’ ঢুকেছে, পার্টি পিছোচ্ছে। কিছু লোক হয়তো চাইছেন, আমি পার্টি ছাড়লে জায়গা খালি হবে, সুবিধা হবে। সুযোগ নেই। পশ্চিমবঙ্গে যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, এই লড়াই চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *