২০০৪-এর আতঙ্ক ফিরিয়ে সুনামির ঢেউ আছড়ে পড়ল আবার! ভয়াবহ ভূমিকম্পে আতঙ্ক জাপান, রাশিয়ায়

কলকাতা- আবার সুনামি আতঙ্ক! ভূমিকম্পের পর সুনামি! রিখটার স্কেলে ৮.৮ মাত্রার কম্পনে দুলে উঠেছিল কামচটকা। জারি করা হয়েছিল সতর্কতা। তার পর সুনামির ঢেউ আছড়ে পড়ল জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকা ও রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে। 

পূর্বাভাস, বারবার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। ঢেউ উঠতে পারে ৩ মিটার উচ্চতাতেও। উপকূলবর্তী এলাকা থেকে সমস্ত বাসিন্দাদের দ্রুত সরিয়ে দেওয়া হচ্ছে। খালি করা হয়েছে জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র। সুনামির সতর্কতা জারি করা হয়েছে চিনের একাংশেও। আশঙ্কা রয়েছে আমেরিকাতেও সুনামি আছড়ে পড়ার।

সতর্কবার্তা জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘প্রশান্ত মহাসাগরে সংঘটিত এক বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য দয়া করে https://tsunami.gov দেখুন। নিরাপদ থাকুন!’

জানা যাচ্ছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলীয় শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১২৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে। প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৮ বলে জানালেও পরে তা ৮.৮ বলে জানানো হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *