বাংলায় ভোট কবে? ৬০ লাখ বিচারাধীন ভোটারের কী হবে? ভোটের আগে প্রশ্ন, উত্তর নেই কমিশনের কাছে!

কলকাতা- দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। বাংলায় এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে ৬৩ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন।

তাঁদের কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ গরহাজির, কারও অন্য জায়গায় নাম রয়েছে। আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ নাম ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিবেচনাধীন।’

বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখছেন এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকেরা। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল পর্যন্ত মাত্র ৪ লক্ষ বিচারাধীন নামের নিষ্পত্তি সম্ভব হয়েছে।

বাকি ৫৬ লক্ষ বিবেচনাধীন ভোটার নিষ্পত্তি হতে ঠিক কত দিন লাগতে পারে, তা নিয়ে ধন্দে কমিশনও। এই আবহে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে জাতীয় নির্বাচনের ফুল বেঞ্চ আসার আগেই রাজ্যে আসছে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে চার সদস্যর প্রতিনিধি দল।

রবিবার কলকাতায় আসবেন প্রতিনিধিদলের সদস্যরা। সোমবার শহরে আসার কথা ফুল বেঞ্চের। বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, পুলিশ ও প্রশাসনের অধিকারীদের সঙ্গে। তবে ৬০ লক্ষের বেশি বিচারাধীন ভোটারদের নিয়ে কোনও আলোচনা হয় কিনা সেদিকে নজর ওয়াকিবহাল মহলের।

আদালত সূত্রে খবর, বুধবার পর্যন্ত সাড়ে ৪ লক্ষ বিচারাধীনের ভবিষ্যৎ বিচারকরা সমাধান করেছেন। এদিকে একজনেরও ভোটাধিকার না কেড়ে সঠিক সময়ের মধ্যে আদৌ ভোট করানো সম্ভব কিনা ১০ তারিখ সুপ্রিম কোর্টে তার আভাস মিলতে পারে। কারণ ওই দিন দেশের সর্বোচ্চ আদালতে শুনানি রয়েছে।

৯ ও ১০ মার্চ কমিশনের ফুল বেঞ্চ থাকবে রাজ্যে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা ও ভোট কর্মীদের প্রশিক্ষণ খতিয়ে দেখবে ফুল বেঞ্চ। পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ছাড়াও রাজ্য এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের কর্তারা ফিরে যাওয়ার পর ১৫ অথবা ১৬ তারিখ ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *