জাহাঙ্গির খানের রক্ষাকবচ তুলে নিল কলকাতা হাইকোর্ট, তৃণমূলের ‘পুষ্পা’র ভবিষ্যৎ অন্ধকার!

কলকাতা- তৃণমূল নেতা জাহাঙ্গির খানের সমস্ত রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট।

এই নির্দেশের ফলে ফলতার এই নেতার গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছে। ২০১৯ সালের একটি পুরোনো মামলা এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে নেওয়া রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার মুখে হাইকোর্টের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে জাহাঙ্গির খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল, যার প্রেক্ষিতে তিনি রক্ষাকবচ নিয়েছিলেন। এছাড়া ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগে তিনি আরেকটি রক্ষাকবচ নিয়েছিলেন। তবে এদিন বিচারপতি পার্থসারথি সেনের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিচারপতি স্পষ্টভাবে জানান, মামলাকারী নির্বাচনের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচ চেয়েছিলেন, কিন্তু তিনি এফআইআর খারিজের আবেদন করেননি। পুলিশের জমা দেওয়া রিপোর্ট পর্যালোচনা করে আদালত জানিয়েছে, মামলাকারীর বিরুদ্ধে তদন্ত চালানোয় এখন আর কোনো বাধা নেই।

আইনজীবী কিশোর দত্ত পালটা যুক্তি হিসেবে আরও কিছুটা সময় চেয়ে নিলেও আদালত তাতে সায় দেয়নি। জানা গিয়েছে, ফলতার এই তৃণমূল নেতার বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের করা হয়েছিল। আগাম গ্রেপ্তারি এড়াতেই তিনি বারবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের এদিনের নির্দেশে সেই সব রক্ষাকবচ বাতিল হয়ে যাওয়ায় এখন জাহাঙ্গির খানকে আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *