কলকাতা- বাংলার বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়ছে। রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই কলকাতার মাটিতে পা রাখলেন হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
মঙ্গলবার সকালে তিনি সরাসরি পৌঁছে যান কালীঘাট মন্দিরে। সেখানে মা কালীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে আশীর্বাদ নেন অভিনেত্রী।
পরনে হালকা গোলাপি রঙের সিল্কের শাড়ি, চওড়া কমলা পাড় এবং গলায় ভারী গয়না— একেবারে আভিজাত্যপূর্ণ সাজে মন্দিরে প্রবেশ করেন অভিনেত্রী। মূল মন্দিরে পুজোর পাশাপাশি তিনি নকুলেশ্বর ভৈরব মন্দিরেও পুজো দেন।
কঙ্গনা বলেন, “আমি সবসময়ই শক্তির আরাধনা করি। আজ মায়ের ডাক পেয়েই ছুটে আসা। গোটা দেশের মঙ্গলের পাশাপাশি আমি বিশেষ করে বাংলার মেয়েদের জন্য প্রার্থনা করেছি। এখানকার মেয়েরা যাতে ন্যায়বিচার পায় এবং মা কালী যাতে তাঁদের রক্ষা করেন, এটাই আমার কামনা।”
ভোটের আবহে রাজনৈতিক মন্তব্য করতেও ছাড়েননি এই বিজেপি সাংসদ। রাজ্যে যাতে ‘পদ্ম’ শিবিরের ফল ভালো হয়, মায়ের কাছে সেই আর্জিও জানিয়েছেন বলে জানান তিনি।
