হুমায়ুনের ‘স্য়াটা ভাঙা’ মন্তব্যের জবাব! বিধানসভায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা- মুর্শিদাবাদের নওদার বিধায়ক হুমায়ুন কবীরের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়ল। সোমবার বিধানসভার অধিবেশনে তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা করে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ’; স্পষ্ট জানিয়ে দেন, আইন নিজের পথে চলবে এবং উস্কানিমূলক বা সাম্প্রদায়িক মন্তব্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না। শুভেন্দুর কথায়, ‘সময় এসেছে এই ধরনের লোককে শিক্ষা দেওয়ার। এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য়মন্ত্রী নন। আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন, যা খুশি করেছেন।’

মুখ্যমন্ত্রী বলেন, হুমায়ুন কবীরের মন্তব্য সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাঁর কথায়, ‘আপনাকে এভাবে বেপরোয়া ও লাগামছাড়া মন্তব্য করতে দেব না। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। কান খুলে কথা শুনে রাখুন।’

একইসঙ্গে তিনি জানান, বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুন কবীরের বিরুদ্ধে ইতিমধ্যেই দুটি এফআইআর দায়ের হয়েছে এবং পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি মুর্শিদাবাদ সফরে যাবেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রমাণ করে দেব ভারতের আইন ও সংবিধান শেষ হয়ে যায়নি। এই ধরনের মন্তব্য করার আগে ২৫ বার ভাবতে হবে।’ পাশাপাশি বিধায়কের উদ্দেশে তাঁর বার্তা, ‘এটাই আপনার শেষ বক্তব্য বলে ধরে নিন।’

কয়েক দিন আগে মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে একাধিক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমার মাথা যেদিন গরম হয়ে যাবে, সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার—কাউকেই বুঝব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *