কলকাতা- বাংলায় কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা এবং রাজনৈতিক চাপ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার মাথাভাঙ্গার ঘোকসাডাঙ্গা ছোটশিমূলগুড়ি গ্রাউন্ডের জনসভা থেকে তিনি দাবি করেন, বিরোধী শিবিরের জাতীয় স্তরের নেতারা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।
মুখ্যমন্ত্রী জানান, ‘উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, এমকে স্ট্যালিন এবং তেজস্বী যাদব আমার সঙ্গে কথা বলেছেন। দেশের বিভিন্ন প্রান্তের নেতারাই জানেন যে বাংলায় বিজেপি কীভাবে অত্যাচার চালাচ্ছে।’
মুখ্যমন্ত্রী লোকসভায় পেশ হওয়া মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে আসন পুনর্বিন্যাসকে জুড়ে দেওয়া হল?
মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেন, এটা আসলে রাজ্য ভাগ করার এবং ভোটারদের নাম কাটার একটা বড় চাল। আসন পুনর্বিন্যাসের আড়ালে আসলে এনআরসি করার চক্রান্ত করছে কেন্দ্র।
