কলকাতা- কসবা গণধর্ষণ কাণ্ডের জেরে তোলপাড় রাজ্য- রাজনীতি। এমন পরিস্থিতিতে ফের সামনে এল আরেক ধর্ষণের ঘটনা!
এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ তার বান্ধবীর বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায়। নির্যাতিতা নাবালিকার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পলাতক অভিযুক্ত।
নির্যাতিতা নাবালিকার বাবা-মা কর্মসূত্রে বাইরে থাকেন। ন্যাজাট থানার আগারআটি গ্রামে মামার বাড়িতে থাকত নাবালিকা।
রবিবার গ্রামের এক নির্জন জায়গায় বান্ধবীর বাবা ওই নাবালিকাকে যৌন নির্যাতন করেন। ঠিক সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন মহিলা। তাঁরা ওই নাবালিকার কান্না শুনতে পান। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে নাবালিকাকে উদ্ধার করেন।
পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। এর পর স্থানীয় লোকজন নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন ওই নাবালিকা।
ইতিমধ্যেই ওই নাবালিকার পরিবারের তরফে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতার পরিবার দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি আগেও বহুবার এমন কাণ্ড ঘটিয়েছেন। কাউকে কিছু বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন।
